চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে দাদি ও নাতিসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ শিবগঞ্জের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬০), তার নাতি সিয়াম (৮), সদর উপজেলার নারায়ণপুরের ভাইবোন মেসবাহুল হক (৫) ও বেবি খাতুন (৮)। এ ঘটনায় অন্তত আট যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে নদীর লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীর বোগলাউড়ি ঘাট থেকে অন্তত ৩৭ যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের বিশরশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লক্ষ্মীপুর চরের কাছে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানে অংশ নেয়। এ সময় চারজনের মরদেহ ও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু : বরগুনার পাথরঘাটাসংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করেন অন্য জেলেরা। তারা হলেনÑ উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আবদুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পরে ট্রলারটি উল্টে যায়। এ সময় ১১ জেলের মধ্যে আটজন সাঁতরে তীরে আসতে সক্ষম হন। ফিরে আসা জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে তাদের ট্রলার ঝড়ের কবলে পড়ে। এ সময় স্থানীয় অন্য ট্রলার আটজনকে উদ্ধার করলেও তিন জেলে নিখোঁজ ছিলেন। পরে ট্রলারমালিক সমিতি ও নিখোঁজদের স্বজনরা আরেকটি ট্রলার নিয়ে নদীতে গিয়ে উল্টে যাওয়া ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। প্রত্যেকের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
