হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১০০টি বাক্সে করে একটি পিকআপ আগরতলায় প্রবেশ করে। দীর্ঘ ৮ বছর পর দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমতিতে আগরতলায় গেল ইলিশ মাছ।
বাংলাদেশের রপ্তানিকারক বিডিএস করপোরেশন মাছগুলো পাঠিয়েছে। ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ মাছগুলো আমদানি করেছেন।
মাছের সিঅ্যান্ডএফ কারক প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাফা মোল্লা বলেন, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রপ্তানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারকের ৪০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রপ্তানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ দিন পর ত্রিপুরা ইলিশ যাওয়ায় দুই দেশের ব্যবসায়ী ও মানুষের মাঝে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিডিপএস করপোরেশন ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। আজকে ২টন মাছ রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশের দাম ১০ ডলার।
