কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:০৩ পিএম

কুতুবদিয়ায় একদিনে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার পুকুরে ডুবে যাওয়ার পৃথক পৃথক তিনটি ঘটনায় রিফাত, জান্নাতুল মাওয়া এবং সুমাইয়াকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিন শিশু হলেন- দক্ষিণ ধূরুং ইউনিয়নের রিফাত হোসেন, একই ইউনিয়নের জান্নাতুল মাওয়া এবং কৈয়ারবিল ইউনিয়নের মতির বাপের বাড়ির মো. হাছানের কন্যা সুমাইয়া।

কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ায় সকাল ১০ টার দিকে কামাল হোসেনের পুত্র রিফাত হোসেন (৪) বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। একই ইউনিয়নের আশার হাজীর পাড়ার সাদ্দাম হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া (২) বিকেল সাড়ে ৪ টার দিকে সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়।

অপরদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. হাসানের কন্যা সুমাইয়া (৩) সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়।

এদিকে, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর নিয়মিত পাওয়া যাচ্ছে। অভিভাবকদের অসচেতনতা, পুকুর ঘেরা না থাকায় এবং পুকুর খননের সময় পুকুর পাড়ের পাশ থেকে গভীর করার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করেন দ্বীপবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত