ঝালকাঠির রাজাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার উত্তমপুর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ৫নং বড়ইয়া ইউনিয়নের তিন শতাধিক বঞ্চিত হতদরিদ্র সুবিধাভোগী অংশ নেয়।
ভুক্তভোগীরা জানান, ৫নং বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সুরু ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই খাদ্যবান্ধব কর্মসূচির পুরাতন তালিকায় থাকা অসচ্ছল, দুস্থ, প্রতিবন্ধী সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করেন। নতুন তালিকায় চেয়ারম্যান তার নিজের আত্মীয়স্বজন, অনুসারীসহ মৃত, প্রবাসী, ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করেন। এছাড়া একই পরিবারে একাধিক নামও অন্তর্ভুক্ত করা হয়। এসব অনিয়মের অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর পাঁচজন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য অদিধপ্তরে লিখিত অভিযোগ জানালেও কোনো প্রতিকার হয়নি। অভিযোগ রয়েছে, নতুন তালিকা যাচাইবাছাই না করেই প্রত্যেকের নামে কার্ড ইস্যু করে গত ২৯ সেপ্টেম্বর চাল বিতরণ শুরু করেছে খাদ্য বিভাগ।
ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সুরু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও নাম বাদ দিইনি। তড়িঘড়ি করে তালিকা করায় একজন মৃত ব্যক্তির নাম এসেছে, যা বাদ দেওয়া হবে।’
