‘তালেবানদের উল্লাস করতে দেয় টুইটার, অথচ আমাকে আটকায়’

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:৪৮ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডায় এক ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছেন, টুইটারকে যেন তার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়। এর পেছনে তিনি কারণ হিসেবে বলেন, তালেবানদেরকে নিয়মিতভাবে তাদের সামরিক বিজয় নিয়ে উল্লাস করে টুইট করার অনুমতি দেওয়া হচ্ছে। অথচ তিনি রাষ্ট্রপতি থাকার সময় তাকে সেন্সর করা হয়েছে।

সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি উল্লেখ করে গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ডিলিট করে দেয় টুইটার। টুইটারে ট্রাম্পের প্রায় ৮কোটি ৮০ লাখ ফলোয়ার ছিল।

টুইটার যুক্তি দেখিয়েছিল যে, ট্রাম্পের টুইটগুলি তাদের প্ল্যাটফর্মের নীতি লঙ্ঘন করেছে এবং ফের মার্কিন সংসদ ভবনে (ক্যাপিটল ভবন) হামলার মতো ঘটনা ঘটানোর জন্য মানুষকে উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্লোরিডার জেলা আদালতে তার অনুরোধে বলেছেন যে, মার্কিন কংগ্রেসের সদস্যরা তার অ্যাকাউন্ট স্থগিত করতে টুইটারকে বাধ্য করেছে।

গত ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটল ভবন আক্রমণ করার পর টুইটার সহ বেশ কয়েকটি সোশাল মিডিয়ায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত