আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ছাড়া অন্যান্য সম্পদ শ্রেণিকরণের নতুন নির্দেশনা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:৩১ পিএম

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ঋণ বা লিজ ছাড়াও অন্যান্য ব্যয় অসমন্বিত থাকলে তার বিপরীতেও নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এক্ষেত্রে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অগ্রিম প্রদত্ত বেতন-ভাতা, ভ্রমণ ব্যয়, আপ্যায়ন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, ব্যবসা উন্নয়ন ব্যয়সহ বিভিন্ন ধরনের এক বছর বা এর বেশি সময় অসমন্বিত থাকলে তা মন্দ বা ক্ষতিজনক মানে খেলাপি করতে বলা হয়েছে। এ ধরনের অসমন্বিত ব্যয়ের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে আরও বলা হয়, যে কোনো অনিষ্পন্ন আইনি ব্যবস্থায় অনিশ্চয়তা বিদ্যমান থাকায় এ সংশ্লিষ্ট অসমন্বিত আইনি ব্যয় ‘সন্দেহজনক’ মানে খেলাপি করতে হবে। এসব ব্যয়ের বিপরীতে ৫০ শতাংশ প্রভিশন রাখতে হবে।

তবে কোনো নিষ্পন্ন আইনি ব্যবস্থার বিপরীতে অসমন্বিত ব্যয় থাকলে সেগুলোকে মন্দ বা ক্ষতিজনক মানে খেলাপি করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। এ ধরনের ব্যয়ের বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে বলা হয়েছে সার্কুলারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত