নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মধ্যরাতে ট্রাক থামিয়ে ডাকাতিকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে এ ঘটনায় ট্রাক চালক রাসেল আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার থেকে জানা যায়, ট্রাক চালক রাসেল আলী ও তার হেলপার দেলোয়ার হোসেন দিনাজপুর থেকে ট্রাকে করে কাচঁকলা যাত্রাবাড়ী আড়তে নেন। রাত ২টার দিকে মালামাল আনলোড করে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় পৌঁছালে রাসেলী দেখতে পান চার পাঁচজন লোক গাড়ি থেকে চাঁদা আদায় করছে। এ সময় ওই দলটি রাসেল আলীর কাছ থেকে ছুড়িসহ ধারালো অস্ত্র দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করেন।
আরও জানা যায়, ট্রাক চালক দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা এলোপাতাড়ি পিটিয়ে রাসেল আলীর কাছ থেকে পাঁচশত টাকা ছিনিয়ে নেয়। পরে, রাসেল আলী ও তার হেলপার দেলোয়ার হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল ভুঁইয়া নামে একজনকে আটক করে স্থানীয়রা। আর বাকি আসামিরা পালিয়ে যায়। পরে সোহেল ভূঁইয়াকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
গ্রেপ্তার সোহেল ভূঁইয়ার স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় আরও জড়িত রূপসী স্লুইচগেট এলাকার তানসেন কাজী, দেওয়ান নগর এলাকার জহির উদ্দিন ও একই এলাকার আকরাম হোসেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
