খুলনায় বন বিভাগ, ট্যুর অপারেটর ও টুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৭:৫৪ পিএম

আসন্ন সুন্দরবন ভ্রমণে পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ট্যুর অপারেটর, বন বিভাগ ও টুরিস্ট পুলিশের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা এবং টোয়াসের (ট্যুর এসোসিয়েশন অব সুন্দরবন) সেক্রেটারি এম নাজমুল আলম ডেভিড সহ বিভিন্ন ট্যুর অপারেটরদের অন্তত ৫০ জন কর্ণধার।

এ ছাড়া টুরিস্ট পুলিশ বাগেরহাট, সাতক্ষীরা ও মংলা জোনের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

টুরিস্ট পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ভ্রমণ পিপাসুদের ভ্রমণ আরও উপভোগময় করতে সুন্দরবনে দেশি বিদেশি পর্যটকদের সেবা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সুন্দরবনগামী পর্যটকদের জলযানগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করবে। এ জন্য তিনি বন বিভাগ ও ট্যুর অপারেটরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বন আইন ও টুরিস্ট পুলিশের বিধি মেনে অপারেটররা যেন পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারেন সে বিষয়ে টুরিস্ট পুলিশ সর্বদা পাশে থাকবেন। জলযানের পারমিট, ধারণক্ষমতা, বন বিভাগের অনুমতি সহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা টুরিস্ট পুলিশ তদারকির মাধ্যমে নিশ্চিত করবে। 

সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিতের লক্ষ্যে তাদের কোনো অভিযোগ ও সমস্যা টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নকে জানাতে হট লাইন নম্বর ও টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের ফেসবুক পেজ খোলা আছে। কোনো অভিযোগ পেলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত