বড়পুকুরিয়ায় জমি অধিগ্রহণ

টাকা প্রদানে ক্ষতিগ্রস্তদের আল্টিমেটাম

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:৫৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের ফলে নতুন করে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের প্রায় ২০০ পরিবার আগামী ১০ অক্টোবরের মধ্যে জমি অধিগ্রহণের অর্থ প্রদানের জন্য আল্টিমেটাম দিয়েছে। গতকাল সোমবার সকালে পার্বতীপুর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী।

ক্ষতিগ্রস্তদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, কয়লাখনি কর্তৃপক্ষ ১০ অক্টোবরের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ২০ অক্টোবরের মধ্যে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল জানান, নতুন করে খনি এলাকার বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ১৫ দশমিক ৫৮ একর জমি অবনমন ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার ২০০ পরিবার। ইতিমধ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় খনি কর্তৃপক্ষ গত বছরের মার্চে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমি অধিগ্রহণের নোটিস প্রদান করে। কিন্তু আজও তা সম্পন্ন করা হয়নি, দেওয়া হয়নি ক্ষতিপূরণের অর্থ। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, দুই গ্রামের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হলে জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত