গাজীপুরে বিয়ের ১৯ দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর কাঠালদিয়া এলাকায় ওই নারীর শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সামিয়া সুলতানা (২০)। পারিবারিক সম্মতিতে গত ১৭ সেপ্টেম্বর তার বিয়ে হয় টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া এলাকার কবির হোসেনের সঙ্গে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। নববধূ সামিয়া সুলতানা সোমবার রাতে তার স্বামীর সঙ্গে এক ঘরেই ঘুমাতে যায়। সকালে স্বামী-স্ত্রী উভয়ে ঘুম হতে ওঠে। পরে স্বামী কাজে গেলে সামিয়া পুনরায় তাদের শয়ন কক্ষের দরজা বন্ধ করে রাখে।
তারা আরও জানান, সামিয়ার শাশুড়ি সকাল আটটার দিকে পুত্রবধূর শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন ও আত্মীয়স্বজনকে ডেকে আনে। পরে স্থানীয়রা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সামিয়াকে ঝুলে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার এসআই কায়সার হাসান ফারুক জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা না তদন্ত সাপেক্ষে জানা যাবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
