লক্ষ্মীপুরে ভূমিহীনদের কবরস্থানের ব্যবস্থা করলেন আইজিপি

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৬:০০ এএম

মেঘনা নদীর ভাঙনে সহায়সম্বল হারানো দুই হাজার ভূমিহীন মানুষ একটি স্থায়ী কবরস্থানের ব্যবস্থা করে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ সদর উপজেলার পূর্ব চরমনসা গ্রামে এ কবরস্থানের ফলক উন্মোচন করেন আইজিপি ও তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। পরে আইজিপি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি বলেন, ‘লক্ষ্মীপুরের এ এলাকায় বিভিন্ন স্থানে বসবাসরত ভূমিহীনদের জন্য কোনো কবরস্থান নেই এ সংক্রান্ত রিপোর্ট একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়। রিপোর্টটি দেখে আমার স্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। মূলত তারই প্রেরণায় আমরা নিজস্ব উদ্যোগে জমি কিনে এখানে কবরস্থান এবং একটি মসজিদ স্থাপন করেছি। এ কবরস্থানের উপকারভোগী শুধু ভূমিহীনরা নয়, এ গ্রামের সাধারণ মানুষও হবেন।’

কবরস্থানটিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিবেচনা করে তার জন্য সবার কাছে দোয়া চান আইজিপি। সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বেশি বেশি সিটিজেন রিপোর্টিং হলে সমাজ ও দেশ উপকৃত হবে।’

আইজিপি এবং পুনাক সভানেত্রী ভূমিহীন আবদুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর করেন। তারা উভয়ে কবরস্থানে একটি করে গাছের চারা রোপণ করেন। প্রায় সাড়ে ২৯ শতক আয়তনের এ কবরস্থানে প্রায় ৪০০ জনকে দাফনের স্থান সংকুলান হবে।

অনুষ্ঠানে আবদুর রহমান বলেন, ‘আপনজনকে শেষবারের মতো শায়িত করতে ঘণ্টার পর ঘণ্টা লাশ নিয়ে বসে থাকতে হতো। আজ আমাদের অপেক্ষার প্রহর কাটল। আমরা আইজিপি স্যারের বদান্যতায় একটি স্থায়ী কবরস্থান পেলাম।’

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসাইন এবং লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বক্তব্য রাখেন।

পরে আইজিপি জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে রেঞ্জ এবং জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় মিলিত হন। পরে তিনি দাশের হাট পুলিশ ফাঁড়ি এবং নারী ব্যারাক উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত