লখিমপুর যাওয়ার অনুমতি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০২:৫৯ পিএম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে অবশেষে লখিমপুর যাওয়ার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে মোট পাঁচজন থাকতে পারবেন তাদের দলে।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গান্ধী পরিবারের দুই সদস্যের সঙ্গে থাকছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নী।

সোমবার সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কংগ্রেসের তরফে চিঠি দিয়ে লখিমপুর যাওয়ার অনুমতি চাওয়া হয়। সেখানে বলা হয়, রাহুলের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল লখিমপুর যেতে চায়।

প্রিয়াঙ্কাকে কেন জোর করে আটকে রাখা হয়েছে সেই প্রশ্নও তোলা হয় চিঠিতে। যদিও কংগ্রেসকে তখন অনুমতি দেওয়া হয়নি। বলা হয়, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারপরও বাঘেল ও চন্নীকে নিয়ে দিল্লি থেকে লক্ষ্ণৌয়ের বিমানে উঠে বসেন রাহুল। তিনি জানান, ১৪৪ ধারা জারি থাকায় প্রয়োজনে তিনজনের প্রতিনিধি দলকে নিয়ে তিনি লখিমপুরে যাবেন। অন্য দিকে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ও মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে রাজনৈতিক নেতাদের লখিমপুর যেতে দেওয়া হবে। অবশেষে অনুমতি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা।

এর আগে বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রার গাড়িবহরে থাকা লোকজনের সঙ্গে সংঘর্ষে কৃষকসহ আটজনের মৃত্যুর পর রবিবার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। কিন্তু পথে সীতাপুরে তার গাড়িবহর আটকে দেয় পুলিশ।

এ সময় প্রিয়াঙ্কাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়াও পরানো হয়। এমনকি ৩৫ ঘণ্টা আটক রাখার পরে গ্রেপ্তার দেখানো হলো ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত