পারমাণবিক বোমার সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৫:৩৭ পিএম

মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার চার বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছে থাকা পারমাণবিক বোমার সংখ্যা প্রকাশ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি গোপন করে রাখা হয়।

৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর কাছে ৩৭৫০টি সক্রিয় এবং নিষ্ক্রিয় পারমাণবিক ওয়ারহেড ছিল। যা এক বছর আগের তুলনায় ৫৫টি এবং ২০১৭ সালের একই তারিখ থেকে ৭২টি কম।

সোভিয়েত রাশিয়ার সঙ্গে শীতল যুদ্ধ তুঙ্গে পৌঁছানোর সময় তথা ১৯৬৭ সালের পর থেকে এই সংখ্যা সর্বনিম্ন। সে সময় যুক্তরাষ্ট্রের কাছে মোট ৩১,২৫৫টি পারমাণবিক বোমা ছিল।

ট্রাম্পের অধীনে শুরু হওয়া রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা পুনরায় চালু করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রচেষ্টার মধ্যে মঙ্গলবার এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের পারমাণবিক মজুদ সম্পর্কে স্বচ্ছতা বৃদ্ধি পারমাণবিক অস্ত্র কমিয়ে আনা ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ’।

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি এবং রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘নিউ স্টার্ট ট্রিটি’ নামের আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তির সূচনা করেছিলেন, যা গত বছরের ৫ ফেব্রুয়ারি তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই শুরু করা হয়।

নিউ স্টার্ট ট্রিটি ওয়াশিংটন এবং মস্কোর হাতে থাকা পারমাণবিক বোমার সংখ্যা সীমিত রাখার জন্য সাক্ষর করা হয়। ফলে এর মেয়াদ শেষ হয়ে গেলে উভয় পক্ষের পারমাণবিক বোমা কমানোর বিপরীত প্রবণতার সূত্রপাত হতে পারে।

ট্রাম্প বলেছিলেন যে, তিনি একটি নতুন চুক্তি চান যাতে চীনও অন্তর্ভুক্ত থাকবে। যদিও চীনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার চেয়ে অনেক কম বোমা আছে।

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর বাইডেন, অবিলম্বে নিউ স্টার্ট ট্রিটির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে দ্রুত একমত হন।

এই চুক্তিতে মস্কো এবং ওয়াশিংটনের ১৫৫০টি পারমাণবিক বোমা স্ংবরণ করে রাখার কথা বলা হয়েছে।

গত সপ্তাহে রাশিয়ান ও মার্কিন কূটনীতিকরা জেনেভায় এক গোপন বৈঠকে নিউ স্টার্ট ট্রিটির উত্তরসূরি এবং প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন।

একজন মার্কিন কর্মকর্তা ওই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছেন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জানুয়ারী ২০২১ সালের হিসাব অনুসারে, নিষ্ক্রিয় ওয়ারহেড সহ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মোট ৫,৫৫০টি, রাশিয়ার কাছে ৬২৫৫টি, চীনের কাছে ৩৫০টি, ব্রিটেনের কাছে ২২৫টি, এবং ফ্রান্সের কাছে ২৯০টি পারমাণবিক বোমা আছে।

আর ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে প্রায় ৪৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত