গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসের ৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮৬৩ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭২০ জন এবং ঢাকার বাইরে ১৪৩ জন। চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১৯ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ হাজার ৪০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ১ বছরের মধ্যে ২ দশমিক ৭ শতংশ, ১ থেকে ১০ বছরের মধ্যে ২৫ দশমিক ৯ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২১ দশমিক ১ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২০ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ দশমিক ৩ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ দশমিক ১ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ দশমিক ১ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৫ দশমিক ৪ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সেপ্টেম্বরে ভর্তি হয়েছে ৭ হাজার ৮৪১ জন। আগস্ট মাসে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৮ জন। এরও আগে জুলাই মাসে ২ হাজার ২৪৬ জন, জুনে ২৭২ জন, মে মাসে ৪৩ জন, এপ্রিলে ৩ জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, জানুয়ারিতে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়।
এ বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। জুলাই থেকে রোগী বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনা শুরু হয়। গত আড়াই মাসেই ৭৩ জন মারা গেছে। এর মধ্যে অক্টোবরে ৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাইয়ে ১২ জন মারা গেছে।
