সুস্থদের বাড়ছে হৃদরোগের ঝুঁকি

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:১০ পিএম

শ্বাসতন্ত্র ছাড়াও হৃদযন্ত্র ও স্ট্রোকের ঝুঁকি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। বিশেষ করে করোনা থেকে সুস্থ হলেও পরবর্তী এক বছরের মধ্যে তারা এসব সমস্যায় আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে থাকেন বলে এক গবেষণায় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা সেন্ট লুইস হেলথ কেয়ার সিস্টেমের গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন এমন রোগীদের ৩৯ শতাংশ এমন ঝুঁকিতে রয়েছেন। আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন এমন রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অন্যদের তুলনায় ৫ দশমিক ৮ গুণ বেশি।

গবেষণা বলছে, হার্ট অ্যাটাক ছাড়াও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর হৃৎপিণ্ডের পেশির প্রদাহ (মায়োকার্ডিটি) ও হৃৎপিণ্ডের বহিরাবরণ বা ঝিল্লির প্রদাহে (পেরিকার্ডিটি) আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের তুলনায় করোনাজয়ীদের মায়োকার্ডিটি ও পেরিকার্ডিটিতে আক্রান্তের ঝুঁকি ১৪ গুণ বেশি। করোনা মহামারী শুরুর পরে থেকে শুধু যুক্তরাষ্ট্রেই সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ১৯৫ জন হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগেছেন।

গবেষক দলের প্রধান ও সেন্ট লুইস হেলথ কেয়ার সার্ভিসের মহামারী বিদ্যা বিভাগের পরিচালক জিয়াদ আল আলি ব্লুমবার্গকে বলেন, ‘করোনাভাইরাস মানবদেহে কী পরিমাণ ক্ষতি করছে, গবেষণায় তার কিছু চিত্র উঠে এসেছে।’ তিনি জানান, বিভিন্ন দেশে এখন দীর্ঘমেয়াদি করোনা (লং কভিড) নামে এক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ফলে করোনা-পরবর্তী স্বাস্থ্যগত জটিলতার বিষয়ে সরকার ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর গুরুত্ব দেওয়া উচিত। অথচ এখনো আমরা এ বিপদ সম্পর্কে সচেতন হয়ে উঠছি না।

জিয়াদ আল আলি বলেন, ‘শ্বাসতন্ত্রের রোগ করোনার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা কীভাবে সম্পর্কিত তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। করোনায় আক্রান্ত অবস্থায় রোগীরা হৃদযন্ত্রের সমস্যায় পড়তেন, সে ক্ষেত্রে তার ব্যাখ্যা দেওয়া কিছুটা সহজ হতো। কিন্তু দেখা যাচ্ছে, করোনা রোগীরা হৃদযন্ত্রের সমস্যায় পড়ছেন রোগটি থেকে সুস্থ হওয়ার পর। ধারণা করা হচ্ছে, করোনা যখন ফুসফুসে অবস্থান ও বংশবিস্তার করে সে সময় ফুসফুসের কোষগুলো ধ্বংসের পাশাপাশি হৃৎপিণ্ডের পেশি, ধমনি ও শিরাসমূহে বড় ধরনের ক্ষতি করে। করোনায় আক্রান্ত অবস্থায় এগুলো বোঝা যায় না। কিন্তু রোগটি থেকে সুস্থ হয়ে ওঠার পর তা টের পাওয়া যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত