অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানা পুলিশের বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় দেয়।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে প্রদীপ কুমারের জামিন আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন বিচারক।
এর আগে ২০১৯ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন। প্রদীপ বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকলেও তার স্ত্রী পলাতক।
