জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের শুভেচ্ছা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৩৫ এএম

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ লাভ করায় তোশিমিতসু মোতেগিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ-জাপান অংশীদারিত্বকে ‘ব্যাপক ভিত্তিক স্তর’ থেকে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুসংহত করতে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, উচ্চপ্রযুক্তির পণ্য, ইলেকট্রনিকস, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজসম্পদ আহরণ, বায়োটেক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় কাজ করার ওপর জোর দেন।

তিনি মহামারী চলাকালীন জাপান কর্র্তৃক বাংলাদেশকে ৩০ লাখ ভ্যাকসিন এবং অন্যান্য সহায়তা প্রদানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগির ব্যক্তিগত হস্তক্ষেপের আন্তরিক প্রশংসা পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছে। জাপানকে বাংলাদেশের সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে ড. মোমেন গভীর কৃতজ্ঞতার সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস থেকে জাপান সরকার ও জনগণের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন। সূত্র : বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত