গণপ্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআরসি) কঙ্গো নদীতে নৌযানডুবিতে অন্তত ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে ঘটেছে এই ঘটনা। মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার।
মাগবাদো বলেন, ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি গত মঙ্গলবার মধ্যরাতের দিকে ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন ৩৯ জন। বাকি ১২০ জনের মধ্যে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৯ জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন। এএফপিকে মাগবাদো বলেন, ‘বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে- ডুবে যাওয়া নৌযানটি ছিল কাঠের তৈরি একটি ইঞ্জিনচালিত পুরনো নড়বড়ে ধরনের নৌযান।’
