বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার ভিড় বাড়ছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:২০ পিএম

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়, মুকুল রায়, সব্যসাচী দত্তের মতো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এবার কেন্দ্রে ক্ষমতাসীন দলটিতে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তার দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন বিজেপির অনেক নেতা। তাদের কবে-কীভাবে দলে নেওয়া হবে তা ঠিক করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

গতকাল শনিবার ফিরহাদ হাকিম বলেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেক আবেদন জমা পড়েছে। সেগুলো অভিষেকের কাছে পাঠিয়েছি। কবে কাকে দলে নেওয়া হবে, তা অভিষেকই ঠিক করবেন।

ফিরহাদের এই মন্তব্য বিজেপি শিবিরে কিছুটা হলেও চিন্তা বাড়াবে। কারণ সামনেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন। মূলত গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের পর থেকেই বিজেপিতে ভাঙনের শুরু। বিশেষ করে দলটির রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসার পর একশ্রেণির নেতার মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এরই মধ্যে গেরুয়া শিবির ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দলে নাম লিখিয়েছেন বিজেপির বেশ কয়েকজন নেতা ও বিধায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত