অন্তর্ভুক্তি সরকার মেনে নেব নির্বাচন নয় : তালেবান

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:০৬ এএম

সরকার ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্বের ‘অনড়’ অবস্থান থেকে সরে আসতে সম্মত আছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। কিন্তু কোনোভাবেই সরকার গঠনে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয় তাদের কাছে।

তালেবানগোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা ও বর্তমান আফগান সরকারের অন্যতম মুখপাত্র সোহেল শাহিন গত বৃহস্পতিবার আলজাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আফগানিস্তানের জনগণ সরকার ব্যবস্থা ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত আছে। এক সময় সরকারে নারীদেরও যুক্ত করা হবে। কিন্তু নির্বাচনভিত্তিক সরকার কখনো জনগণ মেনে নেবে না এবং বিশ্বকে অবশ্যই আফগান জনগণের এই আকাক্সক্ষাকে সম্মান করতে হবে।’

এমন এক সময়ে তালেবান মুখপাত্র এ মন্তব্য করলেন যখন একদিকে আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে দেশ পরিচালনার কাজে পদে পদে বাধার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন তালেবান সরকার, অন্যদিকে দিন দিন তাদের জন্য হুমকি হয়ে উঠছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা আইএস খোরাসান (আইএসকে)।

২০২০ সালের যুক্তরাষ্ট্র প্রশাসন ও তালেবান গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দোহা চুক্তি। তার শর্ত অনুযায়ী চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এই ঘোষণা দেওয়ার এক মাস পর থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবান বাহিনী এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সব প্রদেশ দখলের পর গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী।

তার দু’সপ্তাহ পর একটি নতুন মন্ত্রিসভাও গঠন করে তারা। কিন্তু ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় শান্তি সংলাপে পাশ্চাত্য দেশগুলোর প্রতিনিধিদের ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান প্রতিনিধিদল, তার কোনো প্রতিফলন দেখা যায়নি নবগঠিত মন্ত্রিসভায়। সেখানকার সব সদস্যই হয় তালেবান, নয়তো তাদের সহযোগী হাক্কানি নেটওয়ার্ক বা অন্যান্য গোষ্ঠীর প্রতিনিধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত