দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা বিষয়ে পুলিশ তেমন ঝুঁকি না দেখলেও আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না। তাই অনলাইনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
রবিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিরা অনলাইনে নানা ধরনের পোস্ট দিচ্ছে। তবে তাদের পোস্ট দেখে উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। আমরা সতর্ক আছি।
তিনি আরও বলেন, আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। ঢাকার বড় মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে, ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। প্রতিটি মণ্ডপ ও আশেপাশের এলাকা সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে।
দেশে বর্তমানে করোনা সংক্রমণ হার কমে গেলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, পূজামণ্ডপে হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থা থাকতে হবে। মাস্ক না পরে যেন কেউ পূজামন্ডপের ভেতরে ঢুকতে না পারে তা নিশ্চিত করা হবে। যারা বয়স্ক ও কমপক্ষে ১ ডোজ টিকা নেননি তাদের পূজামণ্ডপে না আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
