চুল কেটে সেলুনে টাকা না দেয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৯:৪৮ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে চুল কেটে সেলুনে টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে শুক্রবার পাপনের সেলুনে চুল কাটতে যান সিলেটের ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের ফয়ছল মিয়া। চুল কেটে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সেলুন মালিক ও ফয়সলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মজলিসপুর ও ঐয়ারকোনা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও জানা যায়, রবিবার দুপুরে মজলিসপুর গ্রামবাসী অস্ত্রে সজ্জিত হয়ে শান্তির বাজারে এলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ ৫ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত