এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ। উত্তর-উপনিবেশবাদী উপন্যাস প্যারাডাইসের জন্য তার এ সম্মাননা। এই আন্তর্জাতিক স্বীকৃতিতে তার নিজ দেশের অনেকেই আনন্দিত হলেও তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, সত্যিই কি গুরনাহ তাদের নিজ সম্প্রদায়ের লেখক। আফ্রিকান এ ঔপন্যাসিকের নোবেল পুরস্কার অর্জনে অনেক তানজানিয়ান তার কাজের প্রশংসা করলেও দেশটির অনেক নাগরিক মনে করেন, সত্যিই কি ইংল্যান্ডভিত্তিক এই সাহিত্যিক তাদের নিজস্ব সাহিত্যের ধারক-বাহক।
আব্দুলরাজাক গুরনাহর প্রকাশিত ১০টি উপন্যাসে উপনিবেশিত মানুষের বস্তুনিষ্ঠ চিত্র অঙ্কিত হয়েছে, যিনি ১৯৬৭ সালে তার জন্মভিটা তানজানিয়ার জাঞ্জিবার ত্যাগ করে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান। তিনিই প্রথম উত্তর-উপনিবেশবাদী কথাসাহিত্যিক যাকে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করল। গত বৃহস্পতিবার ঔপনিবেশিকতার দুর্দশা ও শরণার্থীদের কষ্টের গল্প চিত্রায়িত করায় সুইডিস একাডেমির এ পুরস্কার গেল ৭৩ বছর বয়সী এ লেখকের ঘরে। নোবেল ঘোষণার পর তানজানিয়ার প্রেসিডেন্ট ও আধা-স্বায়ত্তশাসিত জাঞ্জিবারের মানুষ গুরনাহর কৃতিত্বের প্রশংসা করেন। তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক টুইট বার্তায় বলেন, এই পুরস্কার আপনার জন্য, এমনকি আফ্রিকা ও আমাদের তানজানিয়ার জন্য সম্মানের।
জাঞ্জিবার নেতা হুসেইন আলি মউইনি বলেন, উপনিবেশিকতা সম্পর্কিত আপনার লেখাগুলো আমরা স্বীকার করি। এ ধরনের লেখা শুধু আমাদের জন্য নয়, পুরো মানবজাতির সম্মান বয়ে আনে। তবে গুরনাহর জন্মস্থান জাঞ্জিবারের মানুষ এখনো অধিকারবঞ্চিত। দেশটির সমাজবিজ্ঞানী আইকান্দে কোয়ু টুইটারে বলেন, আব্দুলরাজাকের পরিচয়ের বিষয়টি খোলাসা হওয়া দরকার। যেখানে আমাদের জন্য ন্যায়বিচার, দ্বৈত নাগরিক, ইউনিয়ন ইস্যু, শিক্ষা ও প্রশিক্ষণগুলো মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে কীভাবে আমরা লেখালেখি বা সাহিত্য রচনা করব?
দ্বৈত-নাগরিকত্ব একটি দীর্ঘ-বিতর্কিত সমস্যা তানজানিয়ায়। যেখানে তানজানীয়দের, বিশেষ করে প্রবাসীদের মধ্যে এটি বাস্তবায়নের পক্ষে মত দেয় সরকার। যদিও ধারাবাহিকভাবে দেশটির সরকার সাংবিধানিক বিধিনিষেধের উদ্ধৃতি দিয়ে এটি থেকে সরে এসেছে। এরিক কাবেন্দ্রা নামে একজন সাংবাদিক লিখেছেন, জাঞ্জিবারে আরবরা থাকতে আফ্রিকানদের সঙ্গে বিপ্লবের সময় আব্দুলরাজাক ও তার পিতামহ জন্মভিটা ছেড়ে চলে যান। তানজানিয়া তার দ্বৈত নাগরিকের বিষয়টি সে কারণে স্বীকার করে না, কারণ আবারও যদি সম্পদ ফিরে পেতে চায়! আমরা নির্লজ্জভাবে তার বিজয় উদযাপন করছি?
