জেলেদের হামলায় পুলিশসহ আহত ৪, নিখোঁজ ১

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২:০৪ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে পুলিশ ও অভিযান সংশ্লিষ্টরা। হামলায় দুই পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য কার্যালয়ের একটি প্রকল্পের দুই কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ওই প্রকল্পের এক কর্মী নিখোঁজ রয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মেহেদী হাসান, উপজেলা মৎস্য কার্যালয়ের প্রকল্পকর্মী জাহাঙ্গীর হোসেন ও ওমর আলী। তাদের চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আবদুল বারেক মিয়া নামে এক কর্মী নিখোঁজ রয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট নিয়ে কাঁচিকাটা ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় একটি স্পিডবোট উল্টে গেলে পুলিশ ও মৎস্যকর্মীরা আহত হন।

সখীপুর থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক বলেন, ‘হামলায় স্পিডবোট উল্টে আমাদের দুটি চায়না রাইফেল পানিতে তলিয়ে যায়। একটি উদ্ধার করা হয়েছে। আরেকটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া স্পিডবোটসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।’

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কর্মকার বলেন, ‘হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। যে জেলেরা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মা ইলিশ রক্ষায় আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত