‘মানুষ জানেই না মহিলা দফতর আছে, সেবা দূরে থাক’

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৯:২৫ পিএম

‘অধিকাংশ মানুষ জানেই না সীতাকুন্ড উপজেলায় নারীদের সহায়তায় একটি মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস রয়েছে, মহিলা বিষয়ক একজন কর্মকর্তা আছেন। সেবা পাবে কোত্থেকে?’

সীতাকুন্ড উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে উদ্দেশ করে এমন অভিযোগ করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের।

সোমবার বেলা ১২টায় কয়েকটি বেসরকারী এনজিও ও কমিউনিটি রেডিও কর্তৃক আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় জনঅংশগ্রহণের সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার উপস্থিত থাকলেও তিনি কোনো জবাব দেননি।

এ ছাড়া গত ৩০ অক্টোবর তারিখে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত, ‘সমাজ সেবা অফিসের বই হারানোর অজুহাত, সীতাকুন্ডে ভাতা বঞ্চিত ২০০০ সুবিধাভোগী’ শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সুরাইয়া বাকের বলেন, এ ধরনের গাফিলাতি আমরা মেনে নিতে পারিনা। সরকার জনগণকে সেবা দিতে আপনাদের বেতন দিচ্ছে। অথচ আপনাদের কাছে গেলে জনগনকে পদে-পদে ভোগান্তি পোহাতে হয়।

এফএনএফ (ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম) এর অর্থায়নে বিএনএনআরসি (বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন) ও রেডিও সাগর গিরি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সরকারি কর্মকর্তারা সাধারণ জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে বাধ্য। এ লক্ষ্যে চাহিবামাত্র এ সংক্রান্ত যেকোনো তথ্য জনগণকে সরবরাহ করতে হবে।

অনুষ্ঠানের মডারেটর ভাটিয়ারী বিজয় স্বরণী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাসেদ, জেলা পরিষদের সদস্য এএমএম দিলসাদ, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত