বরিশালে সংবাদ সম্মেলন

কমিটি গঠনে ‘বাণিজ্যে’র অভিযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০৭ এএম

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে অর্থবাণিজ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি এমএ বাশার ডাবলু।

গত ২০ সেপ্টেম্বর ঘোষিত দশমিনা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির কোনো পদে তাকে না রাখায় গতকাল সোমবার বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,  সম্প্রতি ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জেলা সভাপতি কাজী আলমগীর ক্ষমতার অপব্যবহার করে ফ্রিডম পার্টির দুই নেতা এবং আগে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত কয়েক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি নিয়ে জেলা সভাপতি বড় অঙ্কের অর্থ বাণিজ্য করেছেন।

দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ এবং সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ টুকু বলেন, উপজেলা থেকে প্রস্তাবিত কমিটির তালিকা জেলা কমিটির কাছে দেওয়া হয়েছিল। সেই তালিকা থেকে ১৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর স্বীকার করেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগ একটি ‘প্রস্তাবিত’ পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিল। পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়াসহ দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারীদের ১৫ জনের পৃথক আরেকটি তালিকা দিয়েছে জেলা কমিটিকে। ওই ১৫ জনের তালিকায় এমএ বাশার ডাবলুর নাম থাকায় তাকেসহ ১৫ জনকে সদ্য অনুমোদিত কমিটিতে রাখা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত