চাঁপাইনবাবগঞ্জে পদ্মানদীর ফেরিঘাটগুলোয় ইজারাদারদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে চরাঞ্চলের মানুষ গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তরুণ প্রজন্মের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দুই ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সম্প্রতি পদ্মায় নৌকাডুবিতে নিহত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান। এ ছাড়া ফেরিঘাটগুলো থেকে নৌকায় নির্দিষ্ট পরিমাণ যাত্রী ওঠানামার ব্যবস্থা করা, গবাদি পশু ও পণ্য পরিবহনের জন্য আলাদা নৌকার ব্যবস্থা রাখাসহ ১১ দফা দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ওইসব দাবির বেশিরভাগই যৌক্তিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
