বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জের জেলার পাটুরিয়া ঘাট। সকালে থেকেই ঘাটে ঢাকামুখী যানবাহন সহ অন্যান্য জেলা মুখী যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
দৌলতদিয়া প্রান্তে ৭ টি ফেরিঘাটের মধ্যে ৩ টি ঘাট বন্ধ রয়েছে। ফলে অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানজট লেগেই থাকছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে ছোট-বড় মিলে মোট ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ঢাকা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি ফেরি বিকল। পাটুরিয়ার ভাসমান কারখানায় ওই ফেরি দুটির মেরামত কাজ চলছে।
আরও জানা যায়, প্রতিটি রো রো (বড়) ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৮ ফিট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটের বেসিন চ্যানেলে এখন নাব্যতা সংকট সবচেয়ে বেশি। পানির গভীরতা না থাকায় বড় ফেরিগুলো মারাত্মক ঝুঁকির মুখে চলাচল করছে।
এদিকে, দৌলতদিয়ায় মোট সাতটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ঘাট তিনটি বন্ধ রয়েছে। চালু থাকা অপর চারটি ঘাটের মধ্যে শুধুমাত্র ৫ ও ৭ নম্বর ঘাটে রয়েছে তিন পকেটবিশিষ্ট পন্টুন। চলাচলকারী বড় ফেরিগুলো শুধুমাত্র ওই দুটি ঘাটেই ভিড়তে পারছে। ছোট ফেরিগুলো ভিড়ছে এক পকেট বিশিষ্ট ৪ ও ৬ নম্বর ঘাট পন্টুনে। ৭ টি ঘাটের মধ্যে তিনটি ঘাট বন্ধ থাকায় নৌপথের দৌলতদিয়া প্রান্তে ঘাট সংকট সৃষ্টি হয়েছে।
ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দৌলতদিয়া ফেরিঘাটে প্রয়োজনীয় ঘাট সংকট, ঘন ঘন ফেরি বিকল ও নাব্যতা সংকটের কারণে নৌপথে স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ফলে সামান্য এই নৌপথ নদীপার হতে এসে গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। এতে বাসের যাত্রী, চালক, রোগী, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কার্যালয় (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরির মধ্যে চলাচল করছে ১৮ টি, ঘাট চালু আছে ৪ টি, আমরা চেষ্টা করছি এই দীর্ঘ যানবাহনের সারি ঘাট এলাকায় যেন না থাকে। গাড়িগুলো দ্রুত পারাপার করতে আমরা সর্বক্ষণিক চেষ্টা করছি।
