তথ্যমন্ত্রী বললেন

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় কেউ কেউ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০১:৪২ এএম

‘সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছবে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কেউ কেউ এ সাম্প্রদায়িক সম্প্রীতির বেদিমূলে আঘাত করতে চায়, দেশ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘সনাতন সমাজ কল্যাণ সংঘ’ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীতে শুভেচ্ছা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে মুখ্য করা হয়েছিল। কিন্তু আবহমান বাংলার সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হিসেবেই বড় পরিচয়। সে কারণে পাকিস্তান সৃষ্টির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন ধর্মের ভিত্তিতে রচিত পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মুক্তিলাভ সম্ভব নয়। জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত লাল-সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। অসাম্প্রদায়িকতার বেদিমূলে যারা আঘাত করতে চায়, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে “ধর্ম যার যার, উৎসব সবার”। সেই মতে বাংলাদেশ আজ সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সনাতন সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ পুরোহিত, পূজারি, অভ্যাগত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত