টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার পাশে থাকা সরকারি গাছকাটা মামলায় আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোতালেব মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৯ জুলাই উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষীনদা গ্রামে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগে ওই গ্রামের হামিদুর রহমান ওরফে বাবুকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। হামিদুর রহমান বাবু গাছকাটার সঙ্গে আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম বকসী ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দেয়।
নাজিম বকসী ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে বুধবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মো.সাউদ হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
