মেয়রের সঙ্গে দ্বন্দ্বে পৌরসভায় যাচ্ছেন না কাউন্সিলররা

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৩০ এএম

চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র ও কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এ অবস্থায় গত তিন দিন ধরে পৌরসভায় যাচ্ছেন না কাউন্সিলররা। এতে নাগরিক সেবা পেতে পৌরবাসীদের বেগ পেতে হচ্ছে। পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন কাউন্সিলর ও তিনজন মহিলা কাউন্সিলর থাকলেও হঠাৎ করেই গত তিন দিন ধরে তারা পৌরসভায় আসা বন্ধ করে দেন।

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি বলেন, গত তিন দিন ধরে আমরা পৌরসভায় যাচ্ছি না। মেয়র বিভিন্ন বিষয়ে আমাদের মতামত গুরুত্ব দিচ্ছেন না।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কাউন্সিলরদের কোনো সুপারিশই শোনেন না মেয়র। নাগরিক সেবার ক্ষেত্রে নানারকম অভিযোগ প্রথমে কাউন্সিলরদের কাছে করেন পৌরবাসী। পরে কাউন্সিলররা সংশ্লিষ্ট শাখায় বললেও ব্যবস্থা নেওয়া হয় না। মেয়রের অনুমতি না নিয়ে পৌরসভায় কোনো কাজই এখন হচ্ছে না। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা (কাউন্সিলর) পৌরসভায় যাব না।

গত সোমবার দুপুরে সরেজমিন পৌর কার্যালয়ে দেখা গেছে, দোতলায় কাউন্সিলরদের কক্ষটি খোলা ছিল, কিন্তু সেখানে কোনো কাউন্সিলর ছিলেন না। একাধিক ব্যক্তি নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরদের খুঁজছিলেন। পৌরসভায় সেবা নিতে আসা অন্তর কুমার ঘোষ বলেন, ‘মেয়ের জন্মনিবন্ধনে নামের বানানে একটু ভুল আছে। এখন নতুন নিয়মে সেগুলো সংশোধন করাতে হলে আমার এবং স্ত্রীর জন্মনিবন্ধনও করাতে হবে। এদিকে কাউন্সিলররা আসছেন না। পড়েছি চরম ভোগান্তিতে।’ পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন কাউন্সিলরদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পৌরসভায় কাউন্সিলররা আসছেন। হয়তো কম আসতে পারেন। তবে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম চালু আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত