কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মুন্না প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাউদ্দিন নগরের কাছে কালুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুন্নার বাড়ি উপজেলার কয়া মাঠপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মুন্না একটি ভ্যানে পেঁয়াজ নিয়ে বিক্রির উদ্দেশ্যে হাটে আসেন। পেঁয়াজ নামিয়ে পাশেই ভ্যানটি রেখেছিলেন। কিছুক্ষণ পরে পেছনে ফিরে দেখতে পান ভ্যানটি নেই। আশপাশে খোঁজ করে ভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হাটের লোকজন বুঝিয়ে-সুজিয়ে মুন্নাকে বাড়ি পাঠিয়ে দেন। দুশ্চিন্তাগ্রস্ত মুন্না রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখী ট্রেনের ধাক্কায় ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রেলপুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
