আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গতকাল (মঙ্গলবার) ওবায়দুল কাদের আমার নাম ধরেই বলেছেন ‘আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি’। আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন। প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেলো।”
গতকাল বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রোরেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষে ফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষে ফুল আপনারা দেখবেন। এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারী করার জন্য।’
তিনি বলেন, ‘দেশে কেউ নিরাপদ নয়। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন হত্যা, খুন, জখম, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতির খবর বের হচ্ছে। এখন নতুন করে বের হচ্ছে ই-কমার্সের লুণ্ঠন। ই-কমার্সে যারা লুণ্ঠন করছে তারা কারা? কাদের আশ্রয়ে তারা লুণ্ঠন করছে? কারা তাদেরকে প্রটেকশনটা দিচ্ছে? দেখবেন এই আওয়ামী লীগের লোকেরাই এর সঙ্গে জড়িত। ইভ্যালির রাসেলের সঙ্গে ছবি আছে প্রধানমন্ত্রীর, যা গণমাধ্যমে ছাপা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা হয়েছে। অনেকেই আসামি। কোনো কোনো মামলায় আবার সাজা হয়ে যাচ্ছে। নমরুদ, হিটলার, মুসোলিনী, আইয়ুব, ইয়াহিয়ার মতো ফ্যাসিস্টরা টিকতে পারেনি। এ সরকারও পারবে না। সরকার বলেছিল ১০ টাকা কেজি দরে চাল দেবে, এখন তা ৭০ টাকা দরে কিনতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের বৃদ্ধির কারণে মানুষ কষ্টে আছে। এখন সবাইকে সংগঠিত হতে হবে। সবাই মিলে সরকারকে একটা ধাক্কা দিতে হবে।’
দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যাংক থেকে আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ লোন পায় না। ব্যাংকগুলোর পরিচালকরাও ওই আওয়ামী লীগের লোকেরা। ১০ কোটি টাকা লোন নিলে তাদের ৫ কোটি টাকা ঘুষ দিতে হয়। আর বাকি ৫ কোটি টাকা ফেরত দিতে হয় না। কারণ, আওয়ামী লীগের হুকুমে হয়েছে। ওই লোন ফেরত না দিলেও চলবে। এই হলমার্কসহ যত কিছু দেখছেন প্রত্যেকটাতে চরমভাবে লুণ্ঠন চলছে। কারণ স্বয়ং সরকারপ্রধান বলছেন যে যা পারো খেয়ে ফেলো। বাংলাদেশে একটা বর্গীর মতো অবস্থা। বর্গীরা যখন আসে এবং সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়; এই সরকার সে রকম একটা অবস্থা তৈরি করেছে।’
ফাউন্ডেশনের আহ্বায়ক প্রয়াত নেতার সহধর্মিণী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য জামিল আহমদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
