ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মন্দিরের পুরোহিত, পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে ফুলের শুভেচ্ছার সঙ্গে মিষ্টান্ন, করোনা সুরক্ষা সামগ্রী ও উপহার হিসেবে নগদ ৫,০০০ টাকা করে দিয়েছেন সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
বুধবার সন্ধ্যার পর ময়মনসিংহ সিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মেয়র সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
নগরীর শম্ভুগঞ্জ দূর্গাবাড়ী কালিবাড়ী শ্মশান দেবালয় সংঘ পরিদর্শনকালে মেয়র বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে।
এ সময় তিনি বলেন, ‘একটি গোষ্ঠী আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। একসময় আমরা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনেও শঙ্কিত ছিলাম। আজ সে অবস্থার উত্তরণ হয়েছে।’
ইকরামুল হক টিটু বলেন, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জন করেছি তা বজায়ে রাখা আমাদেরই দায়িত্ব। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
মণ্ডপ পরিদর্শনকালে মসিক প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন মেয়রের উদ্যোগে সিটি করপোরেশনের পক্ষে শম্ভুগঞ্জ এলাকার ১১টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য মণ্ডপগুলোতে মেয়রের এই উপহার পৌঁছে দেওয়া হবে।
