আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ইতোমধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম নার্সাসি-২ এ টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে আয়ারল্যান্ড।
আইরিশদের হয়ে ৫০ বলে সর্বোচ্চ ৮০ রান করেন গ্যারেথ ডিলানি। তার অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৮ ছয়ে। এছাড়া অধিনায়ক-ওপেনার অ্যান্ড্রু বালবির্নির ব্যাট থেকে আসে ২৫ রান।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
জবাব দিতে নেমে দলীয় ৫ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম (৩) ও লিটন দাসকে (১) হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম (৪) বোল্ড হয়েছেন ক্রেইগ ইয়ংয়ের বলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য সরকার (১২) ও আফিফ হোসেন (১৪)। টাইগারদের জয়ের জন্য দরকার আরও ১৩০ রান।
বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেই টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। আইপিএল খেলে আবুধাবিতেই দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমান খেলছেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না তিনি। সেই ম্যাচে হারে বাংলাদেশ।
