নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে সোমেশ্বরী নদীর ২নং বালুমহালের শ্মশানঘাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করেন আমিন খান (৩০) নামে এক ড্রেজার শ্রমিক। অজগরটি বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন তিনি।
উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পর রেঞ্জ কর্মকর্তার সহায়তায় অজগরটি গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধারকারী আমিন খান দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে।
তিনি সকালে বালু উত্তোলনের জন্য নদীতে ড্রেজারে কাছে যান। সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটিকে দেখতে পান বলে জানান।
দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অজগরটি আঘাত প্রাপ্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার দরকার পড়েনি। রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমানের তত্ত্বাবধানে অজগরটিকে উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।
