বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোমানিয়া সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। এখন কোন কোন ক্ষেত্রে শ্রমিক লাগবে, কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারব সেটা বিবেচনা করা হবে।’
এখন পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে এবং দেশটি থেকে ৮৬০ বাংলাদেশিকে অবৈধভাবে থাকার জন্য ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
ড. মোমেন বলেন, ‘বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন না থাকায় সমস্যা হচ্ছে। কেননা শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশে মিশন থাকলে সুবিধা হবে। আমরা এখানে মিশন খোলার জন্য অনুরোধ করেছি। বলকান যুদ্ধের সময় দুই দেশের মিশন বন্ধ করে দেওয়া হয়। এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মূল সমস্যা হচ্ছে ঢাকায় তাদের কোনো মিশন নেই। দেশটি দিল্লির মিশনকে কাজে লাগাতে চায়। তবে সে মিশনটাও ছোট।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। শ্রমিক পাঠানোর বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না।
রোমানিয়ায় কয়েকশ বাংলাদেশি শিক্ষার্থীর স্কলারশিপের ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তার সফরের সময় দেশটির বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
