তালেবান নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ঐক্য!

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:১০ পিএম

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। ইতিমধ্যে তালেবান অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা ঘোষণা দিলেও নানা জটিলতায় শপথ হয়নি। প্রত্যেক দিনই বিভিন্ন রাজ্যে হামলার ঘটনায় প্রাণহানি বাড়ছে। দেশটিতে অর্থনৈতিক সংকটে মানবিক বিপর্যয় নেমে আসার হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। বিভিন্ন দেশে ধরনা দিয়েও তালেবান এখন পর্যন্ত কারও স্বীকৃতি আদায় করতে পারেনি।

এমন প্রেক্ষাপটে তালেবান ইস্যুতে বিপরীত অবস্থান নেওয়া চীন ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। সেখানে পাকিস্তানও থাকবে। আগামী সপ্তাহে মস্কোতে এ বৈঠক হতে পারে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল রাশিয়ান কূটনীতিক জামির কাবুলভ দেশটির একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আগামী মঙ্গলবার এ বৈঠক হবে। সেখানে পরিবর্তিত আফগানিস্তান বিষয়ে একটি ঐকমত্যে আসার চেষ্টা করা হবে।’

তিনি জানান, মস্কোর এ বৈঠকে তালেবান তাদের প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছে। যদিও এখন পর্যন্ত তারা বৈঠকের প্রতিনিধির নাম জানায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মস্কো বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের পাশাপাশি ভারত, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে গত মার্চে আফগানিস্তান ইস্যুতে মস্কো একটি আন্তর্জাতিক সম্মেলন করেছিল। সেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান আফগানিস্তানে সংঘাত বন্ধ করে একটি শান্তিচুক্তিতে একমত হয়, যে বিষয়ে পরে যৌথ বিবৃতি দেওয়া হয়।

এরপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছরের যুদ্ধের অবসানে সেনাসদস্য প্রত্যাহারের ঘোষণা দেয়। তারপরই তালেবানের হামলার কাছে নতিস্বীকার করে পশ্চিমা আশীর্বাদপুষ্ট আশরাফ ঘানির সরকার। এরপর ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালেবান। কিন্তু তালেবানের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত সেন্ট্রাল এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। যদিও তালেবান কাবুল দখলের পর রাশিয়া আফগানিস্তানসংলগ্ন তাজিকিস্তানে তাদের সামরিক শক্তি জোরদার করেছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া তার স্বার্থেই তালেবান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনকে এক মেরুতে আনার চেষ্টা করছে। মস্কোর এ চেষ্টা সফল হলে শিগগিরই তালেবানকে স্বীকৃতিসহ অর্থনৈতিক সহায়তার বিষয়ে বড় ধরনের ঘোষণা আসবে।

গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আফগানিস্তান ইস্যুতে মস্কোর বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছি আমরা। আলোচনায় আমরা অংশ নিচ্ছি।’ তবে ভারতের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই বৈঠকে কে উপস্থিত থাকছেন তা নিশ্চিত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত