যুক্তরাজ্যের ইংল্যান্ডে অন্তত ৪৩ হাজার মানুষকে করোনা টেস্টের ভুয়া নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য খাতের গোয়েন্দা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে ইউকেএইচএসএ বলেছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইমেনসা হেলথ ক্লিনিক নামে একটি হাসপাতালের ল্যাব থেকে এসব রিপোর্ট দেওয়া হয়েছে।
ইউকেএইচএসএর জনস্বাস্থ্য বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার বলেছেন, ‘আমরা ল্যাবে সরেজমিন অনুসন্ধান চালিয়েছি। পিসিআর টেস্ট কিটে কোনো সমস্যা পাওয়া যায়নি। তদন্ত চলাকালে ল্যাবটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে এক বিবৃতিতে ইমেনসা হেলথ ক্লিনিক কর্র্তৃপক্ষ বলেছে, ইউকেএইচএসএর তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা।
এ ঘটনার পর যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যথাযথভাবে তদন্ত করা হলে আরও অনেক হাসপাতাল ও ল্যাব ভুয়া রিপোর্ট দেওয়ার তালিকায় যুক্ত হবে। লন্ডনের ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক কিট ইয়েটস বলেন, ‘গত কয়েক মাস যুক্তরাজ্যে করোনার যে বিস্ফোরণ দেখা যাচ্ছে, তার জন্য ভুয়া নেগেটিভ রিপোর্ট অনেকটাই দায়ী। এ বিষয়ে আরও তদন্ত হওয়া উচিত।’
