পারলার থেকে ফেরার পথে দুর্ঘটনা: কনে হাসপাতালে, নিহত ২

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:৫৮ এএম

ফেনীতে বিউটি পারলার থেকে বিয়ের কনেকে সাজিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কনেসহ আরও তিনজন।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনীর মঠবাড়িয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কনের ভগ্নিপতি জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি (১৭)। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।

কনে ফারজানা আক্তার কলিসহ আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের শুক্রবার বিয়ের ধার্য তারিখ ছিল।

দুপুরে কলিকে ফেনী শহরের একটি পারলারে সাজাতে নিয়ে যাওয়া হয়। সাজগোজ শেষে তারা সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনীর মঠবাড়িয়া রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভগ্নিপতি জামাল হোসেন ও ভাতিজি হাছনা আক্তার পলি মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কনে কলির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপর আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত