নারায়ণগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক মিশুক চালককে গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ৮টার দিকে ফতুল্লা থানার নয়াবাজার মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর শাহ আলমের ভাড়া বাড়িতে করতেন।
স্থানীয়রা জানান, নিহত সুজন এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। পরে পলিপাসের অপারেশন হওয়ায় ধুলাবালি কাজ করতে না পেরে শুক্রবার থেকে মিশুক চালানো শুরু করেন।
শনিবার সকাল ৭টায় একটি ফোন পেয়ে বাসা থেকে বের হন সুজন। একটি গাড়িতে সুজনসহ আরও ৩ জন আসেন নয়াবাজারের মুসলিম নগরে। এ সময় তিনজন মিলে সুজনকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের স্বজনরা।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে এনে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
