তরুণীকে দেহব্যবসায় বাধ্য করায় হোটেল মালিক গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৩:১৬ পিএম

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে খুলনার এক তরুণীকে (১৮) জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করায় কুয়াকাটার আবাসিক হোটেল ‘রেডিয়েশান’র মালিক নুর আলম খানকে (৩৬) গ্রেপ্তার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তরুণীকে হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হোটেল মালিককে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় নির্যাতিত তরুণীর পক্ষ থেকে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের জানান, হোটেলের রিসিপশনে চাকরি দেওয়ার কথা বলে নির্যাতিতা ওই তরুণীকে খুলনা থেকে বৃহস্পতিবার বিকেলে রেডিয়েশান হোটেলে নিয়ে আসা হয়।

তিনি বলেন, এরপরে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে হোটেল রুমে দেহব্যবসায় বাধ্য করা হয়। বলা হয়, এটাই তার চাকরি।

ট্যুরিস্ট পুলিশ গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে। ওই তরুণীর দাবি, তাকে সাগর নামের এক ব্যক্তি চাকরির কথা বলে ওই হোটেলে নিয়ে যায়।

রবিবার হোটেল মালিককে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত