ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরের দিকে মাঝিপাড়ার এক তরুণের নামে ফেইসবুকে একটি আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা একটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
তারা জানান, পরে রাতে তারা কমপক্ষে ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে পীরগঞ্জ ও মিঠাপুর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট কাজ করে।
মাঝিপাড়ার এক বাসিন্দা বলেন, ‘আমার বাড়ির সব জিনিসপত্র লুট হয়ে গেছে। আমার তিনটি গরু মারা গেছে আগুনে। পুলিশ এসেছে; কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ফেইসবুকে ওই গ্রামের এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়।
তিনি বলেন, শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে মোট ১৫-২০টি ঘর পুড়েছে।
