কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার কাশিমনগর গ্রামের যুবলীগ নেতা জাকির হোসেন মন্ডল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্ব স্ব জেলার দায়রা জজ আদালত এসব রায় ঘোষণা করে।
কিশোরগঞ্জে কৃষক হত্যায় বাকি চার আসামিকে খালাস দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের নিহত বাচ্চু মিয়া ও জসীম উদ্দিন প্রতিবেশী হওয়ায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে ঝিনাইদহে যুবলীগ নেতা হত্যায় দন্ডিতরা হলেন শান্তি হোসেন, আবদুল করিম, লাভলু, আবু জাহিদ মনি, মিজানুর রহমান ওরফে টাক মিজান, ইব্রাহিদ খলিল ওরফে ইদ্রিস ওরফে ইদু, মুকুল ও নাসির। এ মামলায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল সকালে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দন্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৭ জুলাই গান্না বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তৎকালীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মন্ডল শান্তি। পথে কাশিমনগর ব্রিজের ওপর পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই তার মৃত্যু হয়।
