নোয়াখালীর যতন সাহাকে হত্যার ঘটনা অপপ্রচার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৬:১৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ভিডিও ফুটেজ ক্লিপ আকারে প্রচার করে একটি মহল নোয়াখালীর যতন সাহাকে একইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করছে। বিষয়টি খুবই দুঃখজনক, ন্যক্কারজনক ও অমানবিকও বটে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘ফেসবুকে মিথ্যা প্রচারের মাধ্যমে রামু, নাসিরনগর, ভোলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছে। যখনই এসব ঘটনা আপনারা (গণমাধ্যমকর্মী) ফেসবুকে দেখেন, তার সত্যতা যাচাই করবেন। উত্তেজনা সংবরণ করবেন। খামাখা উসকানিতে কাণ্ড ঘটিয়ে বসবেন না। ইতিমধ্যে রংপুরে এহেন কাণ্ড ঘটিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। তাদের জবাব দিতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। জবাব দিতে হবে তাদের, কেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত