হামলাকারীদের অচিরেই আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৭:৩৩ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় তখন দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ একটি শ্রেণি নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে সেই অপশক্তিরা এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

মন্ত্রী মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের সার্কিট হাউস সংলগ্ন ‘কালেক্টরেট হাইস্কুল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কুমিল্লায় মন্দিরে হামলার ব্যাপারে যারা জড়িত তার তদন্ত হচ্ছে। কিছু লোক ধরা পড়েছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে যারা জড়িত জাতি ও বিশ্ববাসী জানতে পারবে। আমরা আশা করছি এ ঘটনায় দায়ী ব্যক্তিরা অচিরেই আইনের আওতায় আসবে। তাদের কাছেই জাতি জানতে পারবে কারা বিভিন্ন মন্দিরে হামলার মদদ দাতা, প্রশ্রয়দাতা ও ইন্ধনদাতা। প্রকৃত দোষীরা অচিরেই চিহ্নিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা বিষয়ে বলেন এ হাসপাতালে চিকিৎসক, নার্স, জনবল ও অবকাঠামোর সংকট রয়েছে। তা কাটিয়ে উঠতে পারলে অচিরেই জনগণ একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা পাবে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী ও প্রতিমন্ত্রী গাজীপুর সার্কিট হাউসের তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত