ডিজিটাল আইনে মামলা

তাসনিম খলিলসহ চারজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০১:৪৬ এএম

ফেইসবুকে ‘রাষ্ট্রবিরোধী প্রচারের’ অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নেত্র নিউজের সম্পাদক সুইডেন প্রবাসী তাসনিম খলিলসহ চার ‘পলাতক’ আসামির সম্পত্তি ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন গত সোমবার এই ক্রোকের আদেশ দেন। গতকাল মঙ্গলবার বিষয়টি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জানান।

নজরুল ইসলাম শামীম জানান, তাসনিম খলিল ছাড়াও হাঙ্গেরি প্রবাসী সামিউল ইসলাম খান সামি ওরফে জুলকারনাইন, ব্লগার আশিক মোহাম্মাদ ইমরান এবং মো. ওয়াহিদুন্নবী ওরফে স্বপন ওয়াহিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদলত।

এ মামলার অভিযোগপত্রভুক্ত সাত আসামির মধ্যে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, পাঠচক্রভিত্তিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তার’ সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও ব্রোকারেজ হাউজ বিএলআই সিকিউরিটিজের কর্ণধার মিনহাজ মান্নান ইমন জামিনে আছেন।

গত ১২ সেপ্টেম্বর বিচারক এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে চার আসামিকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।

মহামারীর মধ্যে গত বছর ৬ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী-লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ওই দুজনসহ ১১ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন র‌্যাব-৩-এর ডিএডি আবু বকর সিদ্দিক।

পরদিন মিনহাজ মান্নান ও দিদারুলকেও এ মামলায় গ্রেপ্তার করা হয়। ফেইসবুক ব্যবহার করে জাতির জনক, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিপ্রায়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত