চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে বাচ্চাকে গোসল করাতে গিয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নম্বর ওয়ার্ড পন্ডিতকাটা এলাকার লেদু সওদাগরের বাড়িতে তাদের বাড়ির পুকুরেই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পানিতে ডুবে মারা যায় ওই এলাকার লেদু সাওদাগরের বড় ছেলে মুহাম্মদ বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম (২৩) ও তার শিশু পুত্র মুহাম্মদ বোরহান উদ্দীন (১)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ছেলেকে পুকুরে গোসল করাতে নিয়ে যান তার মা। পুকুর ঘাটের সিঁড়ি থেকে হঠাৎ করে শিশুটি পুকুরে পড়ে যায়।
একপর্যায়ে শিশুটি পানিতে তলিয়ে যেতে দেখে মা তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাঁপ দেন।
সাঁতার না জানায় একই সময়ে মা-ছেলে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।