পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন বয়কট করেছে বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকরা।
স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ হারের পর দলের ভেতরের পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় পরিস্থিতি উত্তপ্ত হয় আরো। এবার সংবাদ সম্মেলনে দেরি করে এসে আরো কালিমা লাগল মাহমুদউল্লাহদের।
মঙ্গলবার ওমানকে হারিয়ে বাংলাদেশ মূল পর্বে খেলা আশা বাঁচিয়ে রেখেছে। পাপুয়া নিউ গিনিকে বৃহস্পতিবার হারাতে হতে টাইগারদের।
আইসিসির ঘোষণা অনুযায়ী বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন ছিল বুধবার বিকেল সাড়ে ৫টায়। যদিও এদিন বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। তবে নিয়ম অনুযায়ী দলের প্রতিনিধি হিসেবে কাউকে সংবাদ সম্মেলনে আসতেই হতো।
সংবাদ সম্মেলনের সময় এক দফা পরিবর্তন করে সন্ধ্যা ৬টা করা হয়। এরপরও সঠিক সময়ে কেউ না এসে প্রেস রুমে জানিয়ে দেওয়া হলো ক্রিকেটার আসতে সন্ধ্যা সোয়া ৭টা বাজবে।
এরপরই সাংবাদিকদের মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বয়কট করা হয়।
পরে স্থানীয় সময় রাত পৌনে আটটায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সংবাদ সম্মেলনে আসেন। তবে সে সময় সাংবাদিকদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
পরে আইসিসির মিডিয়াকর্মী কালাম ডেভিস বাংলাদেশ দল নিয়ে প্রিন্সকে প্রশ্ন করেন। অনলাইনে যুক্ত হওয়া সাংবাদিকদের কেউ কেউও প্রশ্ন করেছেন।
আরো পড়ুন
