নোয়াখালীর চৌমুহনীতে হামলার ঘটনায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এর মধ্যে ৮ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। শনিবার ও শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ (২৬), মো. শামীম (২৭), রিপন (১৮), জহিরুল ইসলাম জুয়েল (১৯), ইব্রাহিম খলিল রাজিব (২৪), আরাফাত হোসেন আবির (১৮), দুলাল হোসেন (৪০), কামাল হোসেন (৪৫), শহীদ (৪৫), হুমায়ুন (৬৩), মো. কাশেম বিন আবু জুবায়ের অরিন (২৫), ইমাম হোসেন রাজু (২৮) এবং মো. আলাউদ্দিন (৩৫)।
শনিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার।
তিনি জানান, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার বিভিন্ন ঘটনায় করা ১০ মামলায় এ নিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৬৩ জন এবং সন্দেহভাজন আসামি ৫৯ জন। তাদের মধ্যে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য, প্রত্যক্ষদর্শী এবং সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে মামলার সব আসামি এবং ঘটনার নেপথ্য কুশীলবদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
তবে, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বলেও আশ্বস্ত করেন পুলিশ সুপার।
